সারাদেশ

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক
ছবি: সংগৃহীত

গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মো. আব্দুল্লাহ সিফাত (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাছা থানা পুলিশ তাকে আটক করে।

আটক আব্দুল্লাহ সিফাত গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর টিনের মসজিদ এলাকার মো. সিকান্দার আলীর ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি আব্দুল্লাহ সিফাত তার বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি পুলিশের নজরে এলে তাকে আটক করা হয়।

এদিকে সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়লে গাছা থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম তারেক ও জ্যেষ্ঠ মুখ্য সংগঠক শাকিল সর্দারের নেতৃত্বে নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন। সিফাতকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

অন্যদিকে, সিফাতকে আটকের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতেই জাতীয় নাগরিক পার্টি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানার সামনে মুখোমুখি অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গাছা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার ভাষা যেমনই হোক, এভাবে তাকে গ্রেপ্তার করা নাগরিক অধিকারের পরিপন্থী। তিনি এ গ্রেপ্তারের নিন্দা জানান।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটু কথা বলার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।