সারাদেশ
নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে আগুন, দগ্ধ দুই ছাত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসার ছাদে অগ্নিকাণ্ডে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুই ছাত্রী হলো আতিয়া ও জিদনী। তাদের বয়স ১৪ বছর। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতিয়া এবং বুধবার সকাল ৬টার দিকে জিদনী মারা যায়। আগুনে আতিয়ার শরীরের ৪৫ শতাংশ এবং জিদনীর ৮২ শতাংশ পুড়ে গিয়েছিল।
ঘটনায় দগ্ধ আরও তিন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে লামিয়া আক্তার শাপলার শরীরের ৫৫ শতাংশ, সুমাইয়া আক্তারের ১৩ শতাংশ এবং আসিয়া আক্তার আফরোজার ৭ শতাংশ পুড়ে গেছে।
গত শনিবার বিকেলে ফতুল্লার কাশীপুর হাজীপাড়ার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ পাঁচজনই ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী। ঘটনার সময় তারা তিনতলা মাদ্রাসা ভবনের ছাদে খেলতে গিয়েছিল।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গ থেকে ছাদের গ্যাসের রাইজারে আগুন ধরে যায়। পরে সেই আগুনে পাঁচ ছাত্রী দগ্ধ হয়।