সারাদেশ

আমদানি-রপ্তানি সহজীকরণে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৭:২৮ পিএম

আমদানি-রপ্তানি সহজীকরণে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশনা
এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান। ছবি: ঢাকাপ্রকাশ

আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও সহজ ও গতিশীল করতে কাস্টমস কর্মকর্তাদের উজ্জীবিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউস পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, “আমদানি-রপ্তানি কার্যক্রমকে দ্রুত ও কার্যকর করতে কাস্টমস কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করতে বলা হয়েছে। পণ্য খালাসের গতি বাড়াতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

সুতা আমদানির বিষয়ে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, “সুতা আমদানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। সি-পোর্ট দিয়ে আমদানি অব্যাহত রয়েছে। তবে ব্যবসায়ীরা চাইলে ল্যান্ড পোর্ট দিয়ে আমদানির বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করা যেতে পারে। কারণ, সরকার সবসময় ব্যবসায়ীবান্ধব নীতি গ্রহণে অঙ্গীকারবদ্ধ।”

সার্ভার জটিলতা নিয়ে তিনি বলেন, “এই সমস্যা আমাদের দেশের প্রায় সব কাস্টমসেই কমবেশি রয়েছে। তবে আমরা বিষয়টি নিয়ে ভাবছি এবং বিকল্প কোনো প্রযুক্তি বা সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি।”

বিকেলে বেনাপোল বন্দরে পৌঁছে তিনি কার্গো ভেহিক্যাল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন।