সারাদেশ
চুয়াডাঙ্গায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কে বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও কাগজপত্র তদারকি করা হয়।
অভিযানে দেখা যায়, কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী, যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ‘জনতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ ও ‘নিউ জনতা ডায়াগনস্টিক সেন্টার’কে যথাক্রমে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান শেষে প্রতিষ্ঠানগুলোকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার বন্ধ করা, প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা এবং সেবা প্রদানে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পৌর স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।