সারাদেশ
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি অভিযান: এক সপ্তাহে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এক সপ্তাহের অভিযান চালিয়ে ভারত সীমান্ত থেকে ২১ লাখ ৩ হাজার ৩০০ টাকার মাদক ও চোরাচালানপণ্য জব্দ করেছে।
গত ৫ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দর্শনা আইসিপি, সুলতানপুর, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, বাজিতপুর ও ঝাঁঝাডাঙ্গা সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
বিজিবি সহকারী পরিচালক হায়দার আলী জানান, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২২ গ্রাম হেরোইন, ২১ দশমিক ৪ কেজি গাঁজা, ৭৪ বোতল ফেন্সিডিল, ৪৯ বোতল বিদেশি মদ, ৬৫০টি টেপেনটাডল ট্যাবলেট, ১,৩১৫টি নেশাজাতীয় ট্যাবলেট, ৩৩টি ভারতীয় শাড়ি যার মূল্য ১১ লাখ ৬০ হাজার টাকা, ১৫ কেজি ও ৪৮৫ কেজি ভারতীয় পেঁয়াজ বীজ এবং ২টি ভারতীয় ছাগল।
তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবি গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। সম্ভাব্য অনুপ্রবেশ পয়েন্টে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকাকে মাদক ও অবৈধ চোরাচালানমুক্ত রাখার জাতীয় প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য এই অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।