সারাদেশ
বেনাপোলে ১৭ লাখ টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রী আটক
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কর্মকর্তারা ভারত থেকে আসা দুই নারী পাসপোর্টযাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৭ লাখ হুন্ডির টাকার সঙ্গে তাদের আটক করেছেন। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন—ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার হরিদাসপুর রায়পুর গ্রামের আনন্দ বৈদ্যের স্ত্রী রিনা বৈদ্য (৩৭) ও একই জেলার বাগদা থানার কুলিয়া এলাকার মৃত সানোয়ার শাহাজীর স্ত্রী মুক্তি শাহাজি (৫৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ব্যবসায়িক ভিসা ব্যবহার করে প্রতি লাখ টাকার জন্য ৩০০ টাকা পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশে টাকা নিয়ে আসছিলেন। তাদের পরিকল্পনা ছিল, বেনাপোল ইমিগ্রেশন পার হওয়ার পর টাকা একটি ছেলের কাছে হস্তান্তর করা। তবে তার পরিচয় তারা জানেন না।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অতুল গোস্বামী জানান, স্ক্যানিং ও তল্লাশিতে ব্যাগ থেকে ১৭ লাখ টাকা পাওয়া যায়। তাদের টাকা আনার উৎস ও উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা না দিতে পারায় টাকাগুলো ডিটেনশন মেমো (ডিএম) মূলে জব্দ করা হয়েছে। তবে পরবর্তীতে বৈধ উৎস ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করলে আইন অনুযায়ী টাকা ফেরত পাওয়ার সুযোগ থাকবে।
কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ভারতীয় নারীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।