সারাদেশ
ঘুষের টাকাসহ যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আটক
যশোরে ঘুষ নেওয়ার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ কার্যালয় থেকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়।
দুদক সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে আগে থেকেই একটি ফাঁদ পেতে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘুষের টাকা গ্রহণের মুহূর্তে আশরাফুল আলমকে আটক করা হয়।
অভিযোগকারী মোহাম্মদ নুরুন্নবী যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি জানান, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছা উপজেলার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। এরপর স্ত্রীর পেনশন সংক্রান্ত অর্থ উত্তোলনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগাযোগ করলে দীর্ঘদিন তাকে নানা অজুহাতে ঘোরানো হয়।
নুরুন্নবীর অভিযোগ, এক পর্যায়ে প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম পেনশনের ফাইল ছাড় করার শর্তে প্রথমে ৮০ হাজার টাকা নেন। পরবর্তীতে আরও টাকা দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। তবে টাকা না দিলে পেনশনের অর্থ ছাড় করা হবে না বলে হুমকি দেওয়া হয়। এ ছাড়া খুলনা বিভাগের এক কর্মকর্তার যোগসাজশে তার স্ত্রীর বেসিক বেতনও কমিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বুধবার বিকেলে আরও ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী টাকা দেওয়ার সময় দুদকের একটি দল সেখানে উপস্থিত হয়ে আশরাফুল আলমকে ঘুষের টাকাসহ আটক করে।
দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন জানান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে ঘুষের ১ লাখ ২০ হাজার টাকাসহ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।