সারাদেশ
চুয়াডাঙ্গায় ইয়াবা-গাঁজাসহ দম্পতি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। পরে দ্রুত বিচার প্রক্রিয়ায় আদালত তাদের কারাদণ্ড প্রদান করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখের নেতৃত্বে এসআই মো. হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে করচাডাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে করচাডাঙ্গা গ্রামের আকের আলী মণ্ডল (৬৫)-এর বসতবাড়ি থেকে ৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়। একই সময়ে তার স্ত্রী ফেরুজা খাতুন (৪০)-কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটক দুইজনকে সামারি ট্রায়ালের জন্য আদালতে সোপর্দ করা হলে শনিবার (১১ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের বিচারক আকের আলী মণ্ডলকে ২ বছরের কারাদণ্ড এবং ফেরুজা খাতুনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।