সারাদেশ
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
চুয়াডাঙ্গার আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা পৌরসভার তালতলা এলাকার শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলের ত্রুটি পরীক্ষা করতে সেটি চালাচ্ছিলেন আব্দুল্লাহ। এ সময় আলুকদিয়া বাজারের একটি তেল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।