সারাদেশ
বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- চান্দেরকোলা গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম এবং নানি সানজিদা বেগম। সানজিদা বেগমের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায়।
কচুয়া থানার উপপরিদর্শক মো. মাহমুদ হাসান জানান, সকালে প্রতিবেশী কয়েকজন নারী বাড়ির বারান্দায় এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি অন্যদের জানান। পরে ঘরের ভেতরে গিয়ে আহাদ হাওলাদার ও মনিরা বেগমের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করা হয়েছে। বাড়িতে কেউ না থাকায় ঘটনাটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, নিহতদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এতে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।