সারাদেশ
কুষ্টিয়ায় অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ, চার দিন পর হাসপাতালে তরুণীর মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় তমা খাতুন নামে ২০ বছর বয়সী এক তরুণীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থেকে শনিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে।
নিহত তমা ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, গত ১৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোলাপনগর বাজারের একটি পার্লার থেকে সাজগোজ করে বাড়ি ফিরছিলেন তমা। পথে একটি সংঘবদ্ধ দল তাকে তুলে নিয়ে ধর্ষণ ও নির্যাতন করে। পরে গভীর রাতে বখশীপাড়ার একটি নির্জন মোড়ে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়।
পরে তমাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন তমার মা কাজলী খাতুন ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ করেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে গোলাপনগর এলাকার আবু বক্করের সঙ্গে তমার বিয়ে হয়েছিল। প্রায় দেড় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তমাকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় সাবেক স্বামী আবু বক্করের সম্পৃক্ততা থাকতে পারে বলে পরিবারের পক্ষ থেকে সন্দেহ করা হচ্ছে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
নিহত তমার মামাতো ভাই হাবিবুর রহমান হাবিব বলেন, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর গোলাপনগর বাজার থেকে তমাকে অপহরণ করা হয়। পরে একটি সংঘবদ্ধ দল তার ওপর নির্যাতন চালিয়ে মুমূর্ষু অবস্থায় নির্জন স্থানে ফেলে যায়। চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। নিহত তমার সাবেক স্বামী আবু বক্করকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।