সারাদেশ
ঘুষ না দেয়ায় বিএনপি কর্মীকে আ.লীগ সাজিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি বিরুদ্ধে
যশোরের চৌগাছায় ৫ লাখ টাকা ঘুষ না দেওয়ায় রবিউল ইসলাম নামে এক বিএনপি কর্মীকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমানসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর ছেলে আলামিন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর রাত সোয়া ১১টার দিকে পুলিশের কয়েকজন সদস্য রবিউল ইসলামকে বাড়ি থেকে ডেকে থানায় নিয়ে যান। সেখানে তাকে মুক্ত করে দেওয়ার জন্য পরিবারের কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমান।
পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই রাতেই রবিউলকে আওয়ামী লীগের কমিটির সদস্য হিসেবে উল্লেখ করে একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রবিউল ইসলাম বিএনপির সক্রিয় কর্মী দাবি করে দলীয় প্যাডে প্রত্যয়নপত্র দিয়েছেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডাবলু এবং উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম।
এমএ সালাম অভিযোগ করেন, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। স্থানীয় বিএনপিকে পরিকল্পিতভাবে দুর্বল করতেই তিনি এমন কর্মকাণ্ড করছেন বলে দাবি করেন এই বিএনপি নেতা।
তবে ঘুষ দাবি এবং বিএনপি কর্মীকে আওয়ামী লীগ নেতা সাজিয়ে মামলায় জড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন ওসি মামুনুর রহমান। তিনি দাবি করেন, রবিউল আওয়ামী লীগের কমিটির সদস্য। বিশেষ অভিযানে তাকে আটক করে আইন অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মিরাজুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।