সারাদেশ
নেত্রকোণায় রাতের আধারে জয়বাংলা স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় মগড়া নদীর সেতুর একপাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনাটি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপের মাধ্যমে প্রকাশ্যে আসে।
প্রায় ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভটিতে আগুন দিচ্ছে। আগুন লাগানোর পর তিন যুবককে স্মৃতিস্তম্ভের মূল বেদি থেকে নেমে যেতে দেখা যায়। এ সময় কয়েকজনের কণ্ঠে “শেখ হাসিনা” ও “জয়বাংলা” স্লোগান শোনা যায়।
বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে স্মৃতিস্তম্ভে আগুনের পোড়া চিহ্ন দেখতে পাওয়া যায়। তবে কাঠামোগতভাবে বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানা গেছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার জানান, সকালে পুলিশ সুপার তারিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেরোসিন ব্যবহার করে আগুন লাগানো হয়েছিল। তবে স্মৃতিস্তম্ভটি স্টিল দিয়ে নির্মিত হওয়ায় তা অক্ষত রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।