সারাদেশ

ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির প্রতিশোধে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম

ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির প্রতিশোধে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধ এবং মাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ভাড়াটিয়া রাজিব আহমেদ রুবেলকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বাড়িওয়ালাসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা মো. আব্দুল হামিদ।

মামলার পরপরই ছায়া তদন্তে নামে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির অভিযানে হত্যাকাণ্ডের মূলহোতা জনিসহ তার চার সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি কোতোয়ালি থানা পুলিশ এ ঘটনায় জড়িত আরও দুইজনকে আটক করেছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে গ্রেপ্তার চার সহোদরকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, নিহত রুবেল ভাড়া বাসার ভেতরে মাদকের আসর বসাতেন। এ নিয়ে বাড়িওয়ালি পারুল বেগম (৫০) ও তার সন্তানরা দীর্ঘদিন ধরে তাকে বাসা ছাড়ার জন্য চাপ দিলেও তিনি তা মানেননি।

রোববার ভোরে বাসা ভাড়া ও মাদক সংক্রান্ত বিষয় নিয়ে পারুল বেগম ও তার ছেলে জনির সঙ্গে রুবেলের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে রুবেল পারুল বেগমকে মারধর এবং শ্লীলতাহানি করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে সকাল ১০টার দিকে জনি ও তার চার সহোদর রুবেলকে অবরুদ্ধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে।

হত্যার পরপরই পিবিআই অভিযান চালিয়ে রোববার রাতেই প্রধান অভিযুক্ত জনিসহ চার ভাইকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

পিবিআই জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।