সারাদেশ

৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে জামায়াতের সাবেক উপজেলা আমির


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:২৪ পিএম

৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে জামায়াতের সাবেক উপজেলা আমির
ছবি: সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির আড়ালে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সমিতির পরিচালক এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহাশিস রায়। এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে র‌্যাব-১৪ তাকে গ্রেফতার করে। পরে সন্ধ্যায় থানার মাধ্যমে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকেরা প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সমিতির পরিচালকদের বিরুদ্ধে মামলা করেন। এসব মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং তিনি একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

সমিতির তথ্য অনুযায়ী, আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মোট গ্রাহক সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। তাদের আমানতের পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। অভিযোগ ওঠার পর তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-১৪-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় বলেন, র‌্যাবের মাধ্যমে গ্রেফতারের পর তাকে থানায় নেওয়া হয় এবং আদালতের নির্দেশ অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।