সারাদেশ

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ১০


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১১:০৩ এএম

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের, আহত ১০
ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মধ্যে।

মাথপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, ‘পাবনা এক্সপ্রেস’ নামে একটি যাত্রীবাহী বাস পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, ঘটনাস্থলেই তিনজন যাত্রীর মৃত্যু হয়। আহত হয় অন্তত ১০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী এবং আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী। অপর একজন নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে আইনানুগ কার্যক্রমের জন্য পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনার এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অতিরিক্ত গতিসীমা ও বেপরোয়া চালনার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।