সারাদেশ

ছয় দফা দাবিতে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০১:১৩ পিএম

ছয় দফা দাবিতে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
ছবি: ঢাকাপ্রকাশ

ছয় দফা দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি চলে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে জেলার চারটি উপজেলার শতাধিক স্বাস্থ্য সহকারী এতে অংশ নেন।

এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, চুয়াডাঙ্গা জেলা শাখা। অবস্থান কর্মসূচিতে ৬ দফা দাবিসংবলিত ব্যানার, লিফলেট নিয়ে দাঁড়ান আন্দোলনকারীরা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. সোহাগ হোসেন রাজীব, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, রশিদুল ইসলাম, রবিউল ইসলাম, ওহিদুজ্জামান, মশিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “জাতিসংঘ কর্তৃক সাউথ-সাউথ পুরস্কার, ভ্যাকসিন হিরো, এমডিজি-৪ অর্জন, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ টিকাদানকারীর স্বীকৃতি, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো এবং পোলিও মুক্ত বাংলাদেশ গঠনে স্বাস্থ্য সহকারীদের বিশাল অবদান রয়েছে।”

তারা আরও বলেন, “এই অবদান সত্ত্বেও আমাদের ন্যায্য দাবি আজও বাস্তবায়ন হয়নি। নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ১১তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করাসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

স্বাস্থ্য সহকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এই আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য সহকারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন বলে মন্তব্য করেন নেতারা।