সারাদেশ
শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন করল বিএসএফ
শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১১ জুলাই) ভোরে জেলার পানিহাটা সীমান্ত এলাকার ১১১৮/৩-এস নম্বর পিলার সংলগ্ন অঞ্চল দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনকৃতদের মধ্যে রয়েছেন ২ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু। তারা সবাই সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহজাদপুর এলাকার বাসিন্দা। ভোরে রামচন্দ্রকুড়া বিওপি’র বিজিবি টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সাংবাদিকদের জানান, প্রায় দুই বছর আগে কাজের সন্ধানে এই পরিবারগুলো অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের নয়াদিল্লিতে চলে যায়। সেখানে দীর্ঘদিন অবস্থান করলেও তাদের কাছে বৈধ কাগজপত্র বা পরিচয়পত্র না থাকায় সম্প্রতি ভারতের পুলিশ একটি বিশেষ অভিযানে তাদের আটক করে।
পরে বিমানযোগে নয়াদিল্লি থেকে আসাম রাজ্যের গৌহাটিতে স্থানান্তর করা হয়। সেখান থেকে বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা তাদের শেরপুরের পানিহাটা সীমান্তে এনে শুক্রবার ভোরে পুশইন করে।
এ বিষয়ে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, বিজিবি আটকদের থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুশইনকৃতরা এখনো নিরাপত্তা হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।