সারাদেশ
রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানায় অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইহাট এলাকার গভীর পাহাড়ে ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি আস্তানায় সেনাবাহিনী অভিযান চালায়। অভিযানের সময় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। অভিযানে একে-৪৭ রাইফেল ছাড়াও বেশ কিছু আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি ও অন্যান্য সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আইএসপিআর জানিয়েছে, এখনো ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইউপিডিএফ ও অন্যান্য সশস্ত্র সংগঠনের তৎপরতা এবং আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই অস্থিরতা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ি অঞ্চলে সেনা, বিজিবি ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে আসছে।
সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তা বাহিনী তৎপরতা আরও জোরদার করেছে।