সারাদেশ
বিস্ফোরক মামলায় বেরোবি’র নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেপ্তার
রংপুরের খামার মোড় এলাকা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সালেহ মো. নাহিদকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নাহিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা, সিনিয়রদের মারধর, হলে সিট বাণিজ্য, শারীরিক ও মানসিক নির্যাতন এবং শিক্ষক-কর্মকর্তাদের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। প্রাক্তন এক শিক্ষার্থী জানিয়েছেন, ভর্তির পর থেকেই নাহিদ শিক্ষার্থীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছেন। সিট বাণিজ্য, নির্যাতন এবং হুমকি প্রদানের মাধ্যমে তিনি নিজের সুবিধা নিশ্চিত করতেন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হাতে রামদা নিয়ে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় তার নাম উল্লেখযোগ্য ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাকে বহিষ্কারের দাবি থাকলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।