সারাদেশ

ক্যান্সারে মারা গেলেন ৩ বস্তা টাকা জমানো ভিক্ষুক সালেহা বেগম


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১৫ পিএম

ক্যান্সারে মারা গেলেন ৩ বস্তা টাকা জমানো ভিক্ষুক সালেহা বেগম
ছবি: সংগৃহীত

৪০ বছর ভিক্ষা করে জমানো একটি টাকাও খরচ করেননি। যেখানে যা পেয়েছেন সব জমা করেছেন আর খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন। ভিক্ষা করে জমিয়েছিলেন তিন বস্তা টাকা। সেই টাকা রেখেই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘ভিক্ষুক’ সালেহা বেগম।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। পরে আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে জানাজা শেষে সালেহা বেগমকে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, অসুস্থ অবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন।

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহরিয়ার শিপু বিষয়টি নিশ্চিত করে বলেন, সালে পাগলী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গতকাল মারা গেছেন, আজ জানাজা শেষে দাফন করা হয়েছে। তার জমানো টাকা ইসলামি শরিয়ত মোতাবেক ভাগ করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় সালেহা বেগমের বসতঘর থেকে দুইদিনের ব্যবধানে তিন বস্তা টাকা উদ্ধার করে এলাকবাসী। সেখানে ব্যবহারযোগ্য টাকার পরিমাণ ছিল ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।