সারাদেশ

তর্কে জড়ানো সেই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম

তর্কে জড়ানো সেই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও পরিচালনার পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে এক চিকিৎসকের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। ঘটনার সঙ্গে জড়িত ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত চিকিৎসা বিষয়ক চলমান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের আগে তিনি হাসপাতাল পরিদর্শনে যান এবং সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।

পরিদর্শনকালে ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ নিয়ে মহাপরিচালকের সঙ্গে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ঘটনার পর ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন অধ্যাপক ডা. মো. আবু জাফর।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, “পরিদর্শনে সেবার মান নিয়ে মহাপরিচালক এবং ডা. ধনদেব বর্মনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, যা মোটেও কাম্য নয়। তবে এই বিষয়টি নিয়ে এখন বেশি কিছু বলা সম্ভব নয়।”