সারাদেশ

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

হাসপাতালে নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা, ইন্টার্ন চিকিৎসক আটক
ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে রায়হান কবির ইমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে অভিযুক্ত ইমনকে শনাক্ত করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 

এ বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ হাসপাতালের পরিচালকসহ ইমনকে অবরুদ্ধ করে রাখেন। পরে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। 

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের একপর্যায়ে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

অপরদিকে,ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস জানান— অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান— অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।