সারাদেশ

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ এএম

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

নরসিংদীর বেলাবো উপজেলায় নিখোঁজের তিন দিন পর আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে উপজেলার বাজনা ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত আজিমুল কাদের ভূঁইয়া বেলাবো উপজেলার বীর বাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন পরিচিত পোল্ট্রি ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে নিজ পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর থেকে আজিমুল নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন বুধবার (২৮ জানুয়ারি) নিখোঁজের বিষয়টি জানিয়ে তার ভাগ্নে মো. উমর ফারুক বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল তার খামারের কাজের জন্য দুজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের মধ্যে একজনের নাম রুবেল বলে জানা গেলেও অপরজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনার পর থেকে ওই দুই শ্রমিকেরও কোনো খোঁজ মিলছে না।

এদিকে, খামারে থাকা সব মুরগিও উধাও হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে করে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে। এলাকাবাসীর ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে।

বেলাবো থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন জানান, নিখোঁজের জিডি হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি তদন্ত করছিল। মরদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।