সারাদেশ

নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম

নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল স্থলবন্দর। ছবি: ঢাকাপ্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। নির্বাচন শেষে আগামী শনিবার যথারীতি পুনরায় বন্দরের কার্যক্রম চালু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রমে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকেরা ভোটাধিকার প্রয়োগের জন্য নিজ নিজ এলাকায় গেছেন। এ কারণে এই পথে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, দেশের নির্বাচনকে কেন্দ্র করে আগামী তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শনিবার সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম চালু করা হবে।