সারাদেশ

রংপুরে আনুষ্ঠানিকভাবে লাঙ্গলের নামাজে জানাজা সম্পন্ন 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

রংপুরে আনুষ্ঠানিকভাবে লাঙ্গলের নামাজে জানাজা সম্পন্ন 
ছবিঃ সংগৃহিত

সংসদ নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলে নানা আলোচনা-সমালোচনা। এরমধ্যে ভাইরাল হয়ে পড়ে লাঙ্গল জানাজা দেওয়ার একটি ছবি। এখন জনমনে একটি প্রশ্ন উঠেছে হাঠৎ এমন ছবি ফেসবুকে কেন ঘুরে বেড়াচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে এবারের সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিলেও কোথাও জয় পায়নি জাতীয় পার্টির (জাপা)।

এমনকি লাঙ্গলের দুর্গ হিসেবে পরিচিত রংপুরেও একটি আসনও পায়নি দলটি। চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে এমন ভরাডুবির ইতিহাস গড়ল জাপা।

নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ (সিটি করপোরেশন ও সদর) আসনে তৃতীয় স্থানে রয়েছেন। একইভাবে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ আসনেও তৃতীয় হয়েছেন।

জাপার এমন ভরাডুবির পর রংপুরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই একটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে, যা নিয়ে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

বেসরকারি ফলাফল ঘোষণার পর লাঙ্গলকে জানাজা দেওয়ার ছবি ভাইরাল হয়ে পড়ে। ছবিতে দেখা যায়, সামনে একটি লাঙ্গল রেখে তার জানাজার নামাজ পড়া হচ্ছে। কয়েকটি ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, ‘রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙ্গলের নামাজে জানাজা সম্পন্ন হলো।’

ছবিটি কোথায় এবং কখন তোলা হয়েছে, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, রংপুর শহরেই দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি। তাই এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই লাঙ্গল প্রতীকের শক্ত ভোটব্যাংক ছিল। তবে এবার সেই চিত্রে বড় পরিবর্তন দেখা গেছে। বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এগিয়ে থাকায় জাতীয় পার্টি কোনো আসনেই জয় পায়নি।