সারাদেশ

দিনাজপুরে ভুট্টা খেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার


প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮ পিএম

দিনাজপুরে ভুট্টা খেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
ছবিঃ ঢাকা প্রকাশ

দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি ভুট্টা খেত থেকে স্বাধীন বাবু (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা (কাউয়াভাসা) গ্রামের একটি ভুট্টা খেত থেকে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বাধীন বাবু পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।

স্থানীয়রা ভুট্টা খেতে মরদেহ পড়ে থাকতে দেখে ইউপি চেয়ারম্যান আব্দুল মালেককে খবর দেন। পরে তার মাধ্যমে পুলিশকে জানানো হলে বিরামপুর থানা থেকে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, স্বাধীন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বাড়ি থেকে বেরিয়ে এলাকার বিভিন্ন কবরস্থান, ভুট্টা খেত, রাস্তা, ঈদগাহ ও উঁচু স্থানে রাত যাপন করতেন এবং তিন-চার দিন পর বাড়ি ফিরতেন। রবিবার বাড়ি থেকে বের হওয়ার পর সোমবার ভুট্টা খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।