সারাদেশ
চলমান সংঘাতে আমিরাতে নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সংযুক্ত আরব আমিরাতে সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮) নামে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারে তার স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
রবিবার (০১ মার্চ) রাত ৯টায় দেশে থাকা সালেখের স্বজনরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহত সালেখ মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে।
সালেখ উদ্দিনের পরিবারের তথ্যমতে, তিনি (সালেখ উদ্দিন) দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করেন। সেখানে তিনি পানির গাড়ি চালাতেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে পানির গাড়ি চালাচ্ছিলেন।
ওইদিন সন্ধ্যার সময় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত হানে। এতে সালেখসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেখকে মৃত ঘোষণা করে।