সারাদেশ

পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:৩০ পিএম

পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে
ছবি: সংগৃহীত

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াতের স্থানীয় এক নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উখিয়া উপজেলার এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো ব্যক্তির নাম সাইদুল আরেফিন মিরাজ (২৮)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং জামায়াতে ইসলামী স্থানীয় শাখার অর্থ সম্পাদক।

আদালতের সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী প্রবাসীর স্ত্রী। তিনি প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এ সুযোগে মিরাজ প্রেমের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে প্রতারণামূলকভাবে বিয়ে করেন এবং যৌন সম্পর্ক স্থাপনের ভিডিও মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

ভুক্তভোগী জানান, “১৮ দিন ধরে আমাকে মিথ্যা প্রলোভনে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়েছিল। একই সঙ্গে আমার স্বর্ণ ও নগদ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আমি ন্যায় বিচার চাই।”

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা মিলেছে। আরও যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।