সারাদেশ

পানির ট্যাংকে মজুদ ১০ হাজার লিটার জ্বালানি তেল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম

পানির ট্যাংকে মজুদ ১০ হাজার লিটার জ্বালানি তেল
ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়া উপজেলায় পানির ট্যাংকে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখার কারনে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৭ মার্চ) সিংড়া থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী রুবেল হোসেন (৩৪)কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি জানান, পানির ট্যাংকে তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হয়েছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও বলেন, এ ধরনের অবৈধ মজুদ ও অনিয়ম ঠেকাতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যেও সচেতনতা সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।