সারাদেশ

পরকীয়ার সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত, আহত ৪


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:০২ পিএম

পরকীয়ার সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত, আহত ৪
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া সম্পর্কের ঘটনায় সালিশের পর দুই পক্ষের মারামারিতে আনিসুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে চারজন আহত হয়েছেন।

রবিবার রাত ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে এলাকায় একজন নারীর পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেছিলেন।

রবিবার রাতে সালিশে বসা হলেও সমস্যা সমাধান হয়নি। সালিশ শেষে আনিসুর রহমান ও তার লোকজন বাড়ি ফিরছিলেন। এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। নিহত ও তার সঙ্গে থাকা লোকজন প্রতিরোধ করতে গেলে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। লাঠির আঘাতে আনিসুর রহমান মারা যান।

ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।