সারাদেশ
সাভারে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত
সাভারে এক নারীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিএনপি নেতা শাহাদাত খানকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এ সময় নারীসহ ২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সাভার ব্যাংক টাউন এলাকার পাগলার মোড় মহল্লায় এ হামলার ঘটনা ঘটে।
আহত শাহাদাত খান সাভার পৌর এলাকার ব্যাংক টাউন পাগলার মোড় মহল্লার মৃত হাজী মাসুদ খানের ছেলে। তিনি সাভার সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। আহত অন্যরা হলেন- ভুক্তভোগী নারী ও তার বাবা।
ভুক্তভোগী নারী বলেন, আমি একটি বোতল কারখানায় চাকরি করি। কাজ শেষে বাসায় ফিরছিলাম। এ সময় ব্যাংক টাউনের পাগলার মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক আমাকে ইভটিজিং করে। পরে আমি শাহাদাত ভাইকে ঘটনাটি জানাই। সে সময় শাহাদাত ভাই তাদের ইভটিজিং করতে নিষেধ করেন। তারপর আমরা সবাই বাসার দিকে চলে আসি। আসার পথে আয়ুব খান ও তার ছেলে আমিনসহ কয়েকজন আমাদের ওপর হামলা করে। এ সময় শাহাদাত ভাইকে মারধর শুরু করে এবং মাথায় ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় আমি ও আমার বাবা আহত হয়েছি।
শাহাদাত খান বলেন, একটি মেয়েকে কয়েকজন উত্যক্ত করত। এ ঘটনার প্রতিবাদ করায় আমাকে মারধর ও মাথায় ছুরিকাঘাত করা করেছে।
এদিকে অভিযুক্ত আয়ুব খান বলেন, আমি শুনেছি, আমার ছেলেকে কয়েকজন মারধর করছে। তাই ঘটনাস্থলে আসি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।