সারাদেশ

টাঙ্গাইলে ২০ কিলোমিটারজুড়ে যানজট, ভোগান্তিতে যাত্রীরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০১:৩৯ পিএম

টাঙ্গাইলে ২০ কিলোমিটারজুড়ে যানজট, ভোগান্তিতে যাত্রীরা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। রাবনা বাইপাস এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কজুড়ে যানবাহন ধীরগতিতে চলছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। ঈদকে কেন্দ্র করে উত্তরবঙ্গগামী মানুষের ঢল নামায় সড়কের বিভিন্ন পয়েন্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর সঙ্গে কয়েকটি স্থানে গাড়ি বিকল হয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখা গেছে, দীর্ঘ সময় যানবাহনে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের কষ্ট বেশি দেখা গেছে। অনেকেই নির্ধারিত পরিবহন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে বিকল্প হিসেবে ট্রাকে করে গ্রামের পথে রওনা দিয়েছেন।

যানজট নিরসনে মহাসড়কে কাজ করছে পুলিশ সদস্যরা। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় রয়েছেন। যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইলের জেলা পুলিশ সুপার সামছুল আলম সরকার জানান, প্রায় এক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি যেন উত্তরবঙ্গগামী মানুষ নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন এবং পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।”

সব মিলিয়ে, ঈদযাত্রার চাপ বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে ভোগান্তিও বাড়ছে। তবে সংশ্লিষ্টদের আশা, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।