সারাদেশ
মিরসরাইয়ে ব্যারিস্টার সানজিদ আফফানকে প্রকাশ্যে 'খুনের হুমকি' রেজাউল করিমের!
চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী কায়দায় ব্যারিস্টার সানজিদ আফফানকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন কাজী রেজাউল করিম নামে এক ব্যক্তি।
আজ রবিবার (২২ মার্চ) সকাল ১০টার দিকে মিঠাছড়া বাজারে সানজিদ আফফানের মালিকানাধীন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ব্যক্তি শুধু হত্যার হুমকিই দেননি, বরং পুরো মার্কেট ‘দখল’ করার ঘোষণা দেন। পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এই এলাকায় না আসতে- অন্যথায় তিনি ‘অবৈধ সব ধরনের ব্যবস্থা’ নেবেন বলেও হুমকি দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই কাজী রেজাউল করিম এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় ও ভূমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়াও, তার বিরুদ্ধে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলার অভিযোগ থাকলেও তিনি এসব অবৈধ কার্যক্রম অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে তিনি ব্যারিস্টার সানজিদ আফফানের মালিকানাধীন মার্কেট জোরপূর্বক দখল করে ভাড়া আদায় করছেন বলেও দাবি করেন স্থানীয়রা।
এমন পরিস্থিতিতে সন্ত্রাস ও ভূমি দখল থেকে রক্ষা পেতে স্থানীয় বাসিন্দারা মিরসরাইয়ের সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।