সারাদেশ
বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে মেয়েদের ব্যবহৃত আপত্তিকর জিনিস রেখে ছবি তুলে ফেসবুকে দেওয়ার অভিযোগ
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে মেয়েদের ব্যবহৃত আপত্তিকর জিনিস রেখে ছবি ফেসবুকে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৩০ মার্চ) ফেসবুকে প্রকাশিত বিভিন্ন ছবির স্ক্রিনশট সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়।
দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাটি জানতে পেরে দর্শনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির দর্শনা থানা পুলিশকে অবহিত করেন।
প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির বলেন, “দর্শনা বালিকা বিদ্যালয় গ্রীষ্মকালীন সময়ে দুপুর ২টায় প্রতিনিয়ত ছুটি হয়। স্কুল ছুটির পর আমরা সব গেট তালা দিয়ে চলে আসি। বিকালের দিকে কেউ বা কারা অবৈধভাবে স্কুল ভবনের ভিতরে প্রবেশ করতে পারে। তারা শহীদ মিনারে মেয়েদের ব্যবহৃত আপত্তিকর কিছু জিনিস রেখে ছবি ফেসবুকে দেওয়ার তথ্য আমরা পেয়েছি। তথ্য পাওয়ার পর দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসানের সঙ্গে দেখা করি। এ বিষয়ে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।”
তিনি আরও বলেন, “স্কুল বন্ধ বা ছুটি হওয়ার পর বেশ কিছু বহিরাগত যুবক প্রবেশ করে বলে আমরা ধারণা করছি। তারা পূর্বেও বিদ্যালয়ের ভবনে ঢুকে দেওয়ালে অশ্লীল বা অগ্রহণযোগ্য কথা লিখে গেছে। আমরা মাঝেমধ্যে এসব মুছে দিই। কিন্তু এবারের ঘটনায় আমরা বিস্মিত। শহীদ মিনানের অবমাননা সহ মেয়েদেরও অবমাননা করা হচ্ছে। এজন্য প্রশাসনের নিকট আইনের সহযোগিতা কামনা করছি।”
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানান, “মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে অভিযুক্তদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”