সারাদেশ
হাতেনাতে ধরার পর চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চুরির অভিযোগে আটক এক যুবককে শাস্তির বদলে সংশোধনের সুযোগ দিয়ে নামাজ পড়িয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর এলাকার একটি হাফিজিয়া মাদ্রাসায় ওই যুবক দানবাক্স ভাঙার চেষ্টা করছিলেন। তার সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে জানা যায়, তিনি চুরির উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলেন।
ঘটনার পর সাধারণত উত্তেজিত পরিস্থিতি তৈরি হলেও সেখানে ভিন্ন চিত্র দেখা যায়। উপস্থিত মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে কোনো ধরনের শারীরিক শাস্তি না দিয়ে শান্তভাবে বিষয়টি সামাল দেন।
পরে ওই যুবককে অজু করিয়ে মাদ্রাসার মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়ানো হয়। এরপর তাকে নৈতিকভাবে বোঝানো হয় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করার জন্য উপদেশ দেওয়া হয়। তিনি নিজের ভুল স্বীকার করে আর কখনো এমন কাজে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন।
সবশেষে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এটি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং অনেকেই মাদ্রাসা কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
মাদ্রাসার মুহতামিম জানান, তারা বিশ্বাস করেন শাস্তির চেয়ে সংশোধন বেশি গুরুত্বপূর্ণ। তাই ঘৃণার বদলে ভালোবাসা ও ধর্মীয় শিক্ষা দিয়ে তাকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করা হয়েছে।