সারাদেশ
সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ মে) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৮ মে) বিকেলে ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ গুলি ছোড়ে। এর জবাবে বিজিবি তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, তাদের দ্রুত ও পেশাদার প্রতিক্রিয়ার কারণে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি যেকোনো ধরনের উসকানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদা প্রস্তুত এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধ কার্যক্রম ও সীমান্ত অতিক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।