সারাদেশ

রামিসা হত্যার রেশ না কাটতেই নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১  


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:৩৫ পিএম

রামিসা হত্যার রেশ না কাটতেই নারায়ণগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১  
ছবিঃ সংগৃহিত

রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যার রেশ কাটতে না কাটতেই এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় বছরের এক শিশুকে গণধর্ষণের খবর পাওয়া গেছে। 

শুক্রবার (২২ মে) বিকেলে সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী হিরো (২২) নামের এক অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বাড়ির পাশে খেলার সময় শিশুটিকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে যায় একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) ও জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)। সেখানে তারা শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়।

ঘটনার পর শিশুটির মা বিষয়টি বুঝতে পারলেও লোকলজ্জার ভয়ে প্রথমে কাউকে কিছু জানাননি। কিন্তু পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

এদিকে রাতে এই বর্বরোচিত ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত হিরোকে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় হিরোকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনার পর থেকেই অপর অভিযুক্ত সোহেল এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

এদিকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পাহারায় আটক হিরোর চিকিৎসা চলছে। পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। ওসি আরও জানান, ঘটনার সাথে জড়িত পলাতক অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।