সারাদেশ

ঢাকা-বরিশাল মহাসড়কে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১  


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১২:৫৭ পিএম

ঢাকা-বরিশাল মহাসড়কে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১  
ছবিঃ সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার কর্ণপাড়া নামক স্থানে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পত্রিকা পরিবহণ ঠিকাদার নাঈম নিহত হয়েছে। এসময় আহত হয়েছে পাঁচজন। আহতদেরকে উপজেলার বিভিন্নস্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে সংবাদপত্র বহনকারী একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঠিকাদার নাঈম নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরও পাঁচজন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। 

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করাই এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে তারা মনে করেন। 

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। এবং মহাসড়কে সকল যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মহাসড়কের পরিস্থিতি শান্ত রয়েছে।