সারাদেশ

মেহেরপুরে দোকানের সামনে চিরকুটে লেখা ‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না’ 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৪৮ এএম

মেহেরপুরে দোকানের সামনে চিরকুটে লেখা ‘এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না’ 
ছবিঃ সংগৃহীত

মেহেরপুরের গাংনীর এক দোকানের সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা রয়েছে- এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না। 

আজ বুধবার (১৭ জুন) সকালে উপজেলার নওদা মটমুড়া গ্রামের কাজলের ইটভাটা সংলগ্ন এলাকার একটি দোকানের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। দোকানের মালিক ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন) রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান শরিফুল। পরের দিন সকালে এসে দোকানের সামনে একটি বোমাসদৃশ বস্তু এবং চিরকুট দেখতে পান।  

চিরকুটে লেখা ছিল, এই দোকানে বিএনপির কোনো লোক বসবে না। যারা বসবে তাদের সমস্যা আছে। এই গ্রামে বিএনপির নামগন্ধ রাখবো না।

দোকান মালিক শরিফুল ইসলাম বলেন, সকালে দোকান খুলতে এসে সামনে একটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট দেখতে পাই। বিষয়টি দেখে ভয় পেয়ে যাই। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দিলে তারা এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। 

এদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশে এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।