সারাদেশ
ফরিদপুরে কথা কাটাকাটির জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী
ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
আজ সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলাডাঙ্গী সদরদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত হানিফ শেখ (২২) উপজেলার মানিকদী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের রফিক শেখের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী।
অভিযুক্ত সুমাইয়া আক্তার (২০) উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরী পানাডুবি গ্রামের নুরুল ইসলাম সরদারের মেয়ে। তারা হোগলাডাঙ্গী সদরদী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের ভাষ্য, রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোমবার সকালে হানিফ শেখ ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী ধারালো ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ রয়েছে। হানিফের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর স্থানীয়রা সুমাইয়া আক্তারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।