সারাদেশ
গাইবান্ধায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, পালানোর সময় স্বামী আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গতকাল সোমবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি বিরাজ মিয়া (৩৫)। তিনি পাশ্ববর্তী কাটাবাড়ী ইউনিয়নের সদর কলনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। নিহত দুলালি বেগম রামনাথপুর গ্রামের দুদু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বিরাজ মিয়া ধারালো ছুরি দিয়ে দুলালি বেগমের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হত্যার পর বিরাজ মিয়া পালিয়ে একটি পাটখেতে আত্মগোপনের চেষ্টা করেন। তবে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয়দের দাবি, প্রায় ১০ থেকে ১২ বছর আগে বিরাজ মিয়া একই কায়দায় তার শাশুড়ি সেলিনা বেগমকে হত্যা করেছিলেন। ওই মামলায় কারাগারে থাকা অবস্থায় স্ত্রী দুলালি বেগম তার জামিনের ব্যবস্থা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিও একইভাবে স্বামীর হাতে নিহত হলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত বিরাজ মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।