সারাদেশ
পানির নিচে রেললাইন, ১ হাজার যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকা পর্যটক এক্সপ্রেস
টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইনের ওপর পানি জমে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম নগরীতে আটকা পড়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ট্রেনটি ষোলশহর এলাকা অতিক্রম করছিল। এ সময় ভারী বৃষ্টির ফলে রেললাইনের ওপর পানি জমে যায়। ইঞ্জিনে পানি ঢুকে যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার আশঙ্কা থাকায় চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে ট্রেনটি পিছিয়ে ষোলশহর স্টেশনে এনে রাখা হয়।
৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে মঙ্গলবার সকাল সোয়া ৬টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল পর্যটক এক্সপ্রেস। মাঝপথে এসে এমন পরিস্থিতিতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
এদিকে একই সময়ে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটিও দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে রাখা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে টানা দুই দিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।