সারাদেশ

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে মারধর, গ্রেপ্তার শিক্ষার্থীর মা 


প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:৫১ পিএম

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে মারধর, গ্রেপ্তার শিক্ষার্থীর মা 
ছবিঃ সংগৃহীত

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এক শিক্ষার্থীর মা মিতালী খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

গ্রেপ্তার মিতালী খাতুন ফার্মপাড়া এলাকার সামসউর রহমান শুভর স্ত্রী।

জানা যায়, বুধবার সকালে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ চলাকালে কানে হাত দেওয়ায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শাসন করেন প্রধান শিক্ষিকা কাবেরী করিম। পরে বিষয়টি জানতে পেরে ওই ছাত্রীর বাবা সামসউর রহমান শুভ ও মা মিতালী খাতুন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকার কক্ষে প্রবেশ করেন।

অভিযোগ অনুযায়ী, শিশুটিকে শাসনের ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে সামসউর রহমান শুভ প্রধান শিক্ষিকাকে মারধর করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর বুধবার রাতে প্রধান শিক্ষিকা কাবেরী করিম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।

ওসি মিজানুর রহমান জানান, মামলার দ্বিতীয় আসামি মিতালী খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি সামসউর রহমান শুভ পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।