সারাদেশ

নওগাঁর বেকার যুব ও নারীদের দক্ষতা উন্নয়নে দুটি টিটিসি চালু 


প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:৩০ পিএম

নওগাঁর বেকার যুব ও নারীদের দক্ষতা উন্নয়নে দুটি টিটিসি চালু 
ছবিঃ সংগৃহীত

নওগাঁ জেলার বেকার যুবক ও নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে জেলার দুটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চালু করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) জাতীয় সংসদে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রশ্নটি উত্থাপন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

মন্ত্রী জানান, নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়ায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং রানীনগর উপজেলায় আরেকটি টিটিসি স্থাপন করা হয়েছে। বর্তমানে এ দুটি প্রতিষ্ঠানে জেলার বেকার যুবক ও নারীরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করছেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তথ্যপ্রযুক্তি (আইটি) কেয়ারগিভিং এবং ড্রাইভিংসহ আধুনিক ও উচ্চমানের বিভিন্ন ট্রেড পর্যায়ক্রমে প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে চালু করা হবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে দেশের ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মমুখী ট্রেড ও কোর্সে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে দেশের বেকার যুবক ও নারীরা দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।