সারাদেশ
মাল্টিপ্লাগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা নিহত, বাঁচাতে গিয়ে আহত মা-ছেলে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অসতর্কতাবশত মাল্টিপ্লাগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল মালেক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী শাহেরা খাতুন (৫০) ও ছেলে মো. শাহ আলম (৩৫)।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার গোমতির শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই মো. আব্দুল জলিল জানান, প্রতিবেশী ফজর আলী প্রতিদিন আব্দুল মালেকের ঘরের বারান্দায় তার ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতেন। আগের রাতেও তিনি অটোরিকশাটি চার্জে দিয়ে যান। সকালে চার্জ শেষ হওয়ার পর মাল্টিপ্লাগটি জানালার গ্রিলে ঝুলিয়ে রেখে অটোরিকশা নিয়ে চলে যান।
শুক্রবার দুপুরে আব্দুল মালেক অসাবধানতাবশত ওই মাল্টিপ্লাগ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী ও ছেলে এগিয়ে এলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আসরাফ উদ্দিন আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে শাহেরা খাতুনের অবস্থা আশঙ্কাজনক।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহেদ উদ্দিন জানান, ঘটনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।