সারাদেশ

টানা বৃষ্টিতে মাগুরায় কালভার্ট ধস, সড়কে প্রায় ৩০ ফুট গর্ত  


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৩০ এএম

টানা বৃষ্টিতে মাগুরায় কালভার্ট ধস, সড়কে প্রায় ৩০ ফুট গর্ত  
ছবিঃ সংগৃহীত

একদিনের টানা অতিবৃষ্টিতে খালের পানির প্রবল স্রোতে মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের একটি কালভার্ট ধসে পড়েছে। এতে সড়কের প্রায় ৩০ ফুট ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। 

গতকাল শুক্রবার (১০ জুলাই) দুপুরে কালভার্টটি ধসে পড়ার পর থেকে ওই এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে কয়েকটি গ্রামের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে খালের পানি দ্রুত বৃদ্ধি পায়। দুপুরের দিকে প্রবল স্রোতের চাপে কালভার্টের নিচের অংশে ধস শুরু হয়। একপর্যায়ে পুরো কালভার্টটি ভেঙে পড়ে এবং সড়কের প্রায় ৩০ ফুট অংশ ধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। কালভার্টটি ভেঙে যাওয়ায় প্রতিদিন এ সড়ক ব্যবহারকারী শত শত মানুষকে এখন দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। অনেকেই আবার ঝুঁকি নিয়ে খাল পার হওয়ার চেষ্টা করছেন, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে এমন গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সচল করা না হলে এলাকার শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই দ্রুত অস্থায়ী পারাপারের ব্যবস্থা এবং স্থায়ীভাবে একটি টেকসই কালভার্ট নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, ধসে পড়া কালভার্টটি পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তিনি  আরও বলেন, সাধারণ মানুষের চলাচল নিশ্চিত করতে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নতুন করে একটি কালভার্ট নির্মাণের বিষয়ে এলজিইডির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।