সারাদেশ

ব্যানার-ফেস্টুন নয়, ৪০ কিলোমিটার মানবপ্রাচীরে প্রধানমন্ত্রীর সংবর্ধনা 


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:২৫ এএম

ব্যানার-ফেস্টুন নয়, ৪০ কিলোমিটার মানবপ্রাচীরে প্রধানমন্ত্রীর সংবর্ধনা 
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে গেছেন তারেক রহমান। সফরকে ঘিরে ব্যানার, ফেস্টুন বা তোরণ নয়—বরং প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ মানবপ্রাচীর তৈরি করে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপির নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।

আজ সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদীতে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি গৌরনদী ও বরিশাল সদরে দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

দলীয় নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের তোরণ, ব্যানার বা ফেস্টুন ব্যবহার না করে গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত সড়কের দুই পাশে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে মানবপ্রাচীর গড়ে তোলা হয়। এভাবেই প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান নেতাকর্মী ও সাধারণ মানুষ।

এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর। তাই নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে। তবে জনদুর্ভোগ এড়াতেই ব্যতিক্রমী এই আয়োজন করা হয়েছে।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সেখানে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধনের পাশাপাশি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সোমবার সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে।