সারাদেশ

হবিগঞ্জে আটকে দেওয়া হলো এনসিপির গাড়ি বহর, সড়কে বসে বিক্ষোভ নেতাদের


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম

হবিগঞ্জে আটকে দেওয়া হলো এনসিপির গাড়ি বহর, সড়কে বসে বিক্ষোভ নেতাদের
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জে জারি করা ১৪৪ ধারার মধ্যে মৌলভীবাজার থেকে সেখানে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। দীর্ঘ সময় পুলিশ সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা সড়কে বসে বিক্ষোভ শুরু করেন।

আজ বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় প্রথমে পুলিশ ব্যারিকেড দিয়ে এনসিপির গাড়িবহর থামিয়ে দেয়।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জের মিরপুর এলাকাতেও আরেকটি ব্যারিকেডের মুখে পড়ে নেতাদের বহর। এ সময় নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতারা পুলিশের সঙ্গে আলোচনা করেন।

আলোচনা ফলপ্রসূ না হওয়ায় একপর্যায়ে তারা পুলিশের ব্যারিকেডের সামনেই সড়কে বসে প্রতিবাদ জানান।

এ সময় নাহিদ ইসলাম বলেন, “আপনারা কেন আমাদের গাড়ি আটকে দিয়েছেন? আমরা হবিগঞ্জ যাব, আর এখানে আটকে দিয়েছেন। আমরা সেখানে মামলা করব।”

উল্লেখ্য, হবিগঞ্জে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। ওই পরিস্থিতির মধ্যেই এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের যাত্রা আটকে দেয়।