সারাদেশ

চুয়াডাঙ্গায় সরকারি কাজে বিএনপি নেতার বাধা, এসিল্যান্ডকে গালিগালাজের অভিযোগ


প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম

চুয়াডাঙ্গায় সরকারি কাজে বিএনপি নেতার বাধা, এসিল্যান্ডকে গালিগালাজের অভিযোগ
ছবিঃ ঢাকা প্রকাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় সরকারি কাজে বাধা ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলমকে গালিগালাজের অভিযোগ উঠেছে বিএনপির স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা আব্দুল কাদেরের বিরুদ্ধে।

আজ সোমবার (০৩ আগস্ট) বেলা ১২টার দিকে পরিচালিত অভিযানে বিভিন্ন ফার্মেসিতে অনুমোদনবিহীন ওষুধ, স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংক্রান্ত অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে আব্দুল কাদের ঘটনাস্থলে এসে সরকারি দায়িত্ব পালনে বাধা, গালিগালাজ ও মব সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আলম। বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে আব্দুল কাদের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তিনি এসিল্যান্ডের সঙ্গে কোনো মারমুখী বা অসৌজন্যমূলক আচরণ করেননি।

এদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ তালহা বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুও ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।